ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ
যুদ্ধের মধ্যে দায়িত্ব পালন করতে ইউক্রেনে গিয়ে গোলার আঘাতে মারা যান নৌ প্রকৌশলী হাদিসুর রহমান। তার পরিবারের ৫ লাখ ডলার ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা হয়েছে। আজ বুধবার এ কথা জানিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকায় বিএসসি টাওয়ারে বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠক হয়। সেখানে এই কথা জানানো হয়।
বর্তমান বিশ্বে ৫ লাখ ডলার সমান প্রায় ৫ কোটি টাকা। কিন্তু ক্ষতিপূরণের এই টাকা কবে আসবে বা কিভাবে আসবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার সমৃদ্ধিতে কর্মরত ছিলেন হাদিসুর। গত ২ মার্চ ইউক্রেনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় তিনি নিহত হন। তিনি জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন।
তাদের জাহাজটি গোলার আঘাতে এমন ক্ষতির মুখে পড়ে যে সেটিকে পরিত্যক্ত ঘোষণা করতে হয়। জাহাজের ২৯ নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়। ১৪ মার্চ দেশে ফেরে হাদিসুরের লাশ। তাকে বরগুনায় তার বাড়িতে দাফন করা হয়।
হাদিসুরের পরিবার শুধু আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছে তা নয়, এর মধ্যে নিহত হাদিসুরের এক ভাইকে শিপিং কর্পোরেশনে চাকরি দেওয়া হয়েছে। ১ জুন তার কাজে যোগ দেওয়ার কথা। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে জাহাজের সব ক্রুকে সাত মাসের বেতন দেওয়া হচ্ছে।