ইউক্রেনে আছড়ে পড়ল ৫০০ কেজির রুশ বোমা, নিহত ২১
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের সুমি শহরে ৫০০ কেজি ওজনের একটি বড় বোমা আঘাত হেনেছে। এতে দুই শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলের ভিডিওতে হামলা পরবর্তী সময়ের বিভৎসতা দেখা গেছে। পাথরে রক্তের ছোপ আর ধ্বংসস্তূপ থেকে মরদেহ তুলে আনা হচ্ছে।
ভিডিওতে দেখা যায়, মানুষের নিথর দেহ পড়ে আছে। উদ্ধারকারীরা মানুষের সহায়তায় দৌড়াদৌড়ি করছেন। ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, গত রাতে রাশিয়ার বিমানের পাইলট আরেকটি মানবতাবিরোধী অপরাধ করেছে। তারা একটি আবাসিক ভবনে ৫০০ কেজি ওজনের বোমা মেরেছে।
এদিকে সুমি আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান দিমিত্র জিভিটসকি বলেন, তারা শিশুদের হত্যা করছে। কোনো মানুষই তাদের বর্বরতা থেকে রেহাই পাচ্ছেন না। তাদের কোনোদিন ক্ষমা করা হবে না।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন ছেড়ে লাখ লাখ নাগরিক প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাচ্ছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, এ পর্যন্ত ২০ লাখ লোক ইউক্রেন ছেড়েছেন।
মঙ্গলবার (৮ মার্চ) জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ফিলিপো গ্রান্ডি এমন তথ্য দিয়েছে।
স্লোভাকিয়া, রোমানিয়া, পোল্যান্ড, মালডোভা ও হাঙ্গেরি হাজার হাজার শরণার্থীকে স্বাগত জানাচ্ছে। ইউক্রেনের শরণার্থীর সিংহভাগকে আশ্রয় দিয়েছে পোল্যান্ড। যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে সাড়ে ছয় লাখ শরণার্থী প্রবেশ করেন।