ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়েছে রাশিয়া: যুক্তরাষ্ট্র
ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়েই যাচ্ছে রাশিয়া, এমন অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত দু’সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেন-সীমান্তবর্তী ক্রিমিয়া উপত্যকায় ক্রমবর্ধমান হারে সেনা মোতায়েন করে যাচ্ছে।
কিরবি দাবি করেন, ২০১৪ সালে ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে একীভূত করার সময় ওই উপত্যকায় রাশিয়ার যত সেনা মোতায়েন করা হয়েছিল এবার সে সংখ্যা ছাড়িয়ে গেছে। তবে তিনি রুশ সেনা সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট কোনও তথ্য দিতে পারেননি।
অবশ্য তার এ বক্তব্যের কিছুক্ষণ পর ইইউ’র একজন কর্মকর্তা উল্লেখ করেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সংখ্যা এক লাখ রয়েছে।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো ইউক্রেন সীমান্তে তার দেশের সেনা সমাবেশ সম্পর্কে বলেন, আমেরিকা ও ন্যাটোর উসকানিমূলক পদক্ষেপের মোকাবিলায় সামরিক মহড়া চালানোর লক্ষ্যে সীমান্তে এসব সেনা পাঠানো হয়েছে।