ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম মহাসড়ক উদ্বোধন শেষে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা মুজিববর্ষে রাষ্ট্রপতির পক্ষ থেকে এটি উপহার হিসেবে দিয়েছি।
রাষ্ট্রপতি আবদুল হামিদকে এমন মহাসড়ক তৈরির উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা তার অনুপ্রেরণা ও উদ্যোগের কারণে মহাসড়কটি নির্মাণ করতে সক্ষম হয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন হওয়ায় এই মহাসড়কটি নির্মাণের কারণে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ দূর হয়ে যাবে। এ অঞ্চলের মানুষ এখন নাসিরনগর বা ভৈরব হয়ে দ্রুত ঢাকা যেতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, আমরা এই মহাসড়ক নির্মাণ করে একটি দুর্দান্ত যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছি।
ভিডিওতে হাওরের বিস্ময় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভিডিও চিত্র দেখে হাওর ও সড়কটির সৌন্দর্যে অভিভূত হয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, ইশ! কবে যে যাব। এ সড়কে (দেখতে) কবে যে যাব।
প্রধানমন্ত্রী বলেন, আমার মনটা পড়ে থাকলো। এ সড়ক দিয়ে গাড়িতে করে যাব। রাষ্ট্রপতিও চান আমি যেন সরাসরি যাই। আমি যাব, করোনা পরিস্থিতির উন্নতি হলে এ সড়ক দেখতে যাবো।