শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইতালি সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 26 জুলাই 2023, 05:04 বিকাল • 568 বার পঠিত
ইতালি সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজিত ফুড সিস্টেম সামিট শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আজ ২৬ জুলাই বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

দোহায় বিরতির পর কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন। বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার সময় ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এর আগে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে এফএও আয়োজিত ফুড সিস্টেম সামিটে যোগ দিতে ২৩ জুলাই রবিবার স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির রোম আসেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ফুড সিস্টেম সামিটে অংশগ্রহণের পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

দুই দেশের মধ্যে বৈঠকের পর জ্বালানি সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে ২টি সমঝোতা স্মারক বিনিময় হয়।

এছাড়াও রোম সফরকালে নেপালের প্রধানমন্ত্রী, ইতালির তিন মন্ত্রী- কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেডোসি এবং বিচারমন্ত্রী কার্লো নর্দিও, এফএও মহাপরিচালক কিউ দোঙ্গিউ, ইন্টারন্যাশনাল ফান্ড অব এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট আলভারো ল্যারিওর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া এ সফরে তিনি ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আঞ্চলিক দূত সম্মেলনে অংশ নেন। সবশেষে আজ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।