শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সমাবেশে এসে অসুস্থ হয়ে মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 10 এপ্রিল 2025, 09:09 রাত • 239 বার পঠিত
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সমাবেশে এসে অসুস্থ হয়ে মৃত্যু

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে খুলনায় অনুষ্ঠিত এক সমাবেশে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম দিদার (৫৯) অসুস্থ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

শেখ দিদারুল ইসলাম দিদার খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং টানা তিনবার ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ দিদারুল ইসলাম দিদার বিকেল ৫টার দিকে বিএনপির মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে নগরীর শিববাড়ী মোড়ের সমাবেশে উপস্থিত ছিলেন। হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হলে নেতাকর্মীরা তাকে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিএনপি নেতারা জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদারের জানাজা আগামী শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলার রানাই মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেন, "দিদারুল হোসেন দিদার অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। ডুমুরিয়া থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি দলের কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন। তার মৃত্যুতে জেলা বিএনপির অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।"

এদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভিন্ন নেতারা শেখ দিদারুল ইসলাম দিদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের মাগফিরাত কামনা করে তারা বিবৃতি দিয়েছেন।