শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত

অনলাইন নিউজ পোর্টাল • 19 মে 2021, 04:09 দুপুর • 862 বার পঠিত
ইসরায়েলের হামলায় ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত

গাজা উপত্যকায় গত নয় দিনে ইসরায়েলের হামলায় ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া সেখানকার প্রায় ৪৫০টি ভবন বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় সম্পর্ক বিভাগ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

সংস্থার মুখপাত্র জেনস লার্ক জানিয়েছেন, গাজায় জাতিসংঘ পরিচালিত ৫৮টি স্কুলে প্রায় ৪৭ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। ১৩২টি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং ৩১৬টি ভবনের ক্ষতির মাত্রা অনেক বেশি। এসব ভবনের মধ্যে ছয়টি হাসপাতাল ও ৯টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।

ইসরায়েলি দখলদারদের একের পর এক রকেট হামলায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সংকট দেখা দিয়েছে খাদ্য, ওষুধ ও পানির। কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে সেখানে মানবিক তহবিলের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজার অবস্থা এখন করুণ। সেখানে বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় অসংখ্য মানুষ জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন। এমতাবস্থায় তাদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বিভিন্ন সংস্থা ও দেশ। সে জন্য সীমান্তও খুলে দেয় ইসরায়েল। কিন্তু হামাসের রকেট হামলার কারণে সীমান্ত আবার বন্ধ করে দিয়েছে তারা। ফলে অঞ্চলটিতে ত্রাণবাহী ট্রাক আর ঢুকতে পারছে না।