ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানকে চাকরি থেকে সরিয়ে দেয়া হয়েছে
গাজা যুদ্ধে পরাজয়ের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে সরিয়ে দিয়েছেন। তার স্থলাভিষিক্ত করা হয়েছে দেশটির উপ-প্রধান ডেভিড বার্নিয়াকে। সোমবার রাতে নেতানিয়াহু এ ঘোষণা দেন।
জানা যায়, ৫৬ বছর বয়সি বার্নিয়া গত ২৫ বছর ধরে এ গোয়েন্দা সংস্থায় কাজ করছেন। নেতানিয়াহু সোমবার রাতে মোসাদের কিছু কর্মকর্তাকে প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণের অনুষ্ঠানে বলেন, ইয়োসি কোহেনকে বরখাস্ত করা হয়েছে এবং ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
সম্প্রতি গাজা উপত্যকায় ১১ দিনব্যাপী যুদ্ধ শেষে অস্ত্রবিরতি ঘোষিত হলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো এ যুদ্ধে নিজেদের বিজয়ী ঘোষণা করে। হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক রাস্তায় নেমে বিজয়ের আনন্দ প্রকাশ করেন।
অন্যদিকে ইসরায়েলও এ যুদ্ধে বিজয়ের দাবি করেছে, তবে সেখানকার একজন নাগরিককেও রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করতে দেখা যায়নি।
তেল আবিবের বিজয়ের দাবি যে নিছক ফাঁকা বুলি ছিল তা মোসাদ প্রধানকে সরিয়ে দেয়ার ঘটনায় প্রমাণিত হলো। দৃশ্যত ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক শক্তি সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থতার জন্য কোহেনকে সরিয়ে দেয়া হয়েছে।