শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের বিভিন্ন শহরে কারফিউও জারি

অনলাইন নিউজ পোর্টাল • 13 মে 2021, 11:01 রাত • 787 বার পঠিত
ইসরায়েলের বিভিন্ন শহরে কারফিউও জারি

ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর টানা রকেট হামলার মধ্যেই দাঙ্গা ছড়িয়ে পড়েছে ইসরায়েলে। বিভিন্ন শহরে শুরু হয়েছে ইহুদি-আরবদের (ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি নাগরিক) সংষর্ঘ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলা-অগ্নিসংযোগ হয়েছে একাধিক পুলিশ স্টেশনে। এসবের জেরে সেখানে সাড়ে তিনশর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরে একটি পুলিশের গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

দাঙ্গা ছড়িয়েছে তিবেরিয়াস ও লড শহরেও। বিপুল সংখ্যক আরব ও ইহুদি জনগোষ্ঠীর সংমিশ্রণ থাকা অন্য শহরগুলোতেও এধরনের সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত সোম ও মঙ্গলবার তুমুল সহিংসতার পর লড শহরটি অবরুদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সেখানে টাস্কফোর্স সদর দফতর স্থাপন করেছে ইসরায়েলি সীমান্ত পুলিশ। শহরটিতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্ত কারফিউও জারি করা হয়েছিল।

ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনিরা জানিয়েছেন, গত দু’দিনের সহিংসতা সরাসরি ইহুদিদের বিরুদ্ধে নয়, বরং ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত উগ্র ইসরায়েলি জাতীয়তাবাদীরাই তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।