শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা...

মোহাম্মদ খাইরুল আমিন • 13 এপ্রিল 2025, 11:19 রাত • 440 বার পঠিত
ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা...

ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা রোববার (১৩ এপ্রিল) ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার পরপরই ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানী জেরুজালেম, ইসরায়েলের মধ্যাঞ্চল এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেন শোনা যায়। সাইরেনের পরে বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হুথি বিদ্রোহীরা অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হামলা প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিরোধ করা গেছে কি না, সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, এবং ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী নতুন করে সামরিক অভিযান শুরু করলে তার প্রতিবাদে হুথি বিদ্রোহীরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ওই সময় থেকে এখন পর্যন্ত তারা ২০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বহু ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়।

হুথিদের এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধটি এখন শুধু গাজায় সীমাবদ্ধ না থেকে আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে।