শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ বন্ধে জাতিসংঘের জরুরি বৈঠক

অনলাইন নিউজ পোর্টাল • 12 মে 2021, 08:26 রাত • 746 বার পঠিত
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ বন্ধে জাতিসংঘের জরুরি বৈঠক

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘর্ষ থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে। যদিও সোমবার হওয়া ওই বৈঠকের পর কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।

কূটনীতিকরা বলেছেন, বিষয়টিকে স্পর্শকাতর আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে বৈঠক নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিলে তা সবাই ইতিবাচক হিসেবে নাও দেখতে পারে। তবে জানা গেছে, পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও ইসরায়েলের নতুন বসতি স্থাপন বন্ধের আহ্বান জানানো হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে। এ ছাড়া পশ্চিম তীরে উত্তেজনা বৃদ্ধি ও সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশের বিষয়টিও উল্লেখ রয়েছে বিবৃতিতে।

জানা গেছে, এই আলোচনার জন্য প্রথম খসড়া প্রস্তাব তৈরি করেছিল নরওয়ে। ওই প্রস্তাবের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত হতে পারে। নরওয়ের এই খসড়া প্রস্তাবে সমর্থন দিয়েছে তিউনিসিয়া ও চীন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের শুরু চলতি সপ্তাহের শুরুতে। আল-আকসায় পবিত্র জুমাতুল বিদা আদায়কে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। বলা হচ্ছে, বিগত কয়েক বছরের মধ্যে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।

এ সংঘর্ষের পর ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৭০০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। জাতিসংঘের মিশনে যুক্ত একজন কূটনীতিক বলেন, উত্তেজনা প্রশমনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে কোনো পদক্ষেপ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ওতপ্রোতভাবে কাজ করছে।