ইসরায়েল-হামাসের দ্বন্দ্বে পুরো বিশ্ব কার্যত দু’ভাগে ভাগ হয়ে গেছে
১১ দিন টানা সংঘাতের পর ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। রক্তক্ষয়ী ওই সংঘাতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিয়ে ওই সংঘাত তদন্তের দাবি নিয়ে একটি প্রস্তাবের বিষয়ে বিশেষ কমিটি গঠনের ডাক দেয় জাতিসংঘের মানবাধিকার পরিষদ।
জেনেভায় অবস্থিত নিরাপত্তা পরিষদের সদর দফতরের অনুষ্ঠিত এই সংক্রান্ত ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে ভারত। মানবাধিকার পরিষদের মোট ৪৭ সদস্যের মধ্যে ২৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট পড়েছে নয়টি দেশের।
ভোটদান থেকে বিরত থেকেছে ভারতসহ ১৪ দেশ। তবে ওই প্রস্তাবটি পাস হয়েছে। এবার গাজা ও জেরুজালেমসহ বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত শুরু করতে চলেছে মানবাধিকার পরিষদ। তাৎপর্যপূর্ণভাবে এই প্রস্তাবের জের ধরে ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রসংঘের বিবাদ প্রকাশ্যে এসেছে।
জানা গেছে, মানবাধিকার সংক্রান্ত প্রস্তাবের তীব্র নিন্দা করেছে ওয়াশিংটন। এই প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রিয়াও। তবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্তের পক্ষে সায় দিয়ে প্রস্তাবটিকে সমর্থন জানিয়েছে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ। আর ভারতের পাশাপাশি ভোট দেয়া থেকে বিরত থেকেছে ফ্রান্স, ইতালি, জাপান, নেপাল নেদারল্যান্ডস, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ আরো কয়েকটি দেশ। সব মিলিয়ে ইসরায়েল ও হামাসের দ্বন্দ্বে পুরো বিশ্ব কার্যত দু’ভাগে ভাগ হয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।