শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

ইশরাককে মেয়র ঘোষণা করে কাজ শেষ করেছে ইসি

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 04 জুন 2025, 10:59 রাত • 237 বার পঠিত
ইশরাককে মেয়র ঘোষণা করে কাজ শেষ করেছে ইসি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) তার সাংবিধানিক দায়িত্ব সম্পন্ন করেছে বলে জানিয়েছে সংস্থাটি। এ নিয়ে আর কোনো চিঠি দেওয়ার প্রয়োজন নেই বলেও মনে করছে ইসি।

আজ বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, আপিল বিভাগের পর্যবেক্ষণ পর্যালোচনা করে ইসি এ সিদ্ধান্তে পৌঁছেছে।

কমিশনার বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি নির্বাচনী দরখাস্ত ও আপিল বিভাগের পর্যবেক্ষণ নিষ্পত্তি করা হয়েছে। আদালতের রেফারেন্স অনুযায়ী, নির্বাচন শুরু হয় তফসিল ঘোষণার মাধ্যমে এবং শেষ হয় গেজেট প্রকাশের মাধ্যমে। সেই গেজেট এখনও বলবৎ আছে, বাতিল হয়নি। ফলে কমিশন মনে করে, তাদের দায়িত্ব শেষ হয়েছে।”

তিনি আরও বলেন, “শপথ অনুষ্ঠান আয়োজনের বিষয়টি সিটি করপোরেশন আইন অনুযায়ী স্থানীয় সরকারের এখতিয়ার। নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে ইতোমধ্যে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে—যদি কোনো আইনি জটিলতা না থাকে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সানাউল্লাহ বলেন, আপিল বিভাগ যেহেতু গেজেট বাতিল করেনি, তাই ইসি আর কোনো নতুন চিঠি দেবে না।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে। ২০২৪ সালের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে বিজয়ী ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল ইসি আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে।

তবে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ এ গেজেট স্থগিত চেয়ে রিট করেন, যা হাইকোর্ট ২২ মে খারিজ করে দেয়। পরে লিভ টু আপিল দায়ের করা হলে, সেটিও আপিল বিভাগ ৩০ মে পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে।