ইসরাইলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক নিহত
দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলের বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল জাজিরার আরেক সাংবাদিক জানান, আজ বুধবার জেনিন শহরে ইসরাইলের অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরিন। সেখানে ইসরাইলি বাহিনীর গুলি লাগে তার শরীরে। এর পর তাকে হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালে নিলে শিরিনকে মৃত ঘোষণা করা হয়।
কোন পরিস্থিতিতে শিরিন প্রাণ হারিয়েছেন তা এখনো পরিষ্কার না। আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানান, এই ঘটনার ভিডিওতে দেখা যায় শিরিনের মাথায় গুলি করা হয়েছে।
‘এখন পর্যন্ত আমরা যা জানি তা হলো ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যু ঘোষণা করেছে। শিরিন আবু আকলেহ জেনিনে বিশেষ করে ইসরাইলের অভিযানের খবর সংগ্রহ করার কাজে নিয়োজিত ছিলেন। যখন তার মাথায় গুলি করা হয় তখন তিনি দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ছিলেন-’ ফিলিস্তিনের শহর রামাল্লাহ থেকে জানিয়েছেন নিদা ইব্রাহিম।
তিনি বলেছেন, সব সাংবাদিকের জন্য এটা মর্মাহত হওয়ার মতো খবর। চোখে পানি নিয়ে নিদা ইব্রাহিম বলেন, শিরিন ‘খুব সম্মানিত একজন সাংবাদিক’ ছিলেন। আল জাজিরার সঙ্গে তিনি ২০০০ সাল থেকে কাজ করছিলেন। মৃত্যুর সময় শিরিন প্রেস লেখা পোশাক পরেছিলেন।
শিরিনের পাশাপাশি আরো এক সাংবাদিক ইসরাইলের বাহিনীর গুলিতে আহত হয়েছেন বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আলি সামুদি নামের ওই সাংবাদিক জেরুজালেমভিত্তিক কুদস সংবাদপত্রে কাজ করেন। তার অবস্থা স্থিতিশীল আছে।
ইসরাইলি মিলিটারির পক্ষ থেকে জানানো হয়েছে, জেনিনে অভিযান চলাকালে তাদের বাহিনী প্রচণ্ড গুলিগোলা ও বিস্ফোরণের মুখে পড়ে। তখন তারাও গুলি চালায়। বিষয়টি তারা তদন্ত করে দেখবে বলেও জানায়।