ইসলামই নিশ্চিত করেছে মানুষের অধিকার
ইতিহাসের বর্বরতম যুগে ইসলাম এসেছিলো। শুনিয়েছিল তার যুগান্তকারী বাণী। মানবতার শ্রেষ্ঠতম মহা মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, " হে মানবসকল, বল আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই তাহলে সফল হয়ে যাবে" সে যুগের মানুষেরা এমন কোনো খারাপ কাজ নাই যে করত না। গোত্রে-গোত্রে মারামারি হানাহানি লেগেই থাকতো। নারীদের তারা ভোগের বস্তু মনে করত। সেই মানুষগুলো ইসলামের ছায়াতলে এসে একেকজন সোনার মানুষে পরিণত হয়ে গেলেন।
ইসলামই একমাত্র গ্রহণযোগ্য সার্বজনীন কল্যাণময়ী ধর্ম। যা সকল ধর্মের মানুষের জান মাল ইজ্জত-আব্রু ও অধিকার নিশ্চিত করেছে। নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনিত ধর্ম। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম (জীবন বিধান, অনুশাসন) গ্রহণ করে তা আল্লাহর নিকট কখনও গ্রহণ যোগ্য হবে না। গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে মসজিদের পেশ ইমাম এসব কথা বলেন। জুমার বয়ানে পেশ ইমামরা মুসল্লিদের উদ্দেশে রবিউল মাসের গুরুত্ব ও তৎপর্য তুলে ধরেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পেশ ইমাম মুফতি মুহিউদ্দীন কাসেম গতকাল জুমার বয়ানে বলেন, পবিত্র কোরআনে কারীমে ইরশাদ হয়েছে (হে নবী!) আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার আনুগত্য করো। ফলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মাফ করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। (সূরা আলে ইমরান, আয়াত ৩১)। পেশ ইমাম বলেন, কারণ রাসূলের আদর্শ সর্বোত্তম আদর্শ। কোরআনে কারীমে ইরশাদ হয়েছে, ‘তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সূরা আল-আহজাব, আয়াত: ২১)।
সুতরাং আমাদের স্মরণ রাখতে হবে এই উত্তম আদর্শের অনুসরণ অনুকরনের মাঝেই আমাদের ইহকাল এবং পরকালে শান্তি সফলতা নিহিত আছে। তবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসতে হবে সেভাবে যে ভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম নিজেদের জীবন উৎসর্গ করে রাসূলকে ভালোবেসেছেন। এজন্যই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবায়ে কেরাম উজ্জ্বল নক্ষত্রের মতো তোমরা যে কারো অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। তাছাড়া কোরআনে কারীমে ইরশাদ হয়েছে, তোমরা ঈমান আন যেমনি ঈমান এনেছেন মানুষগণ অর্থাৎ সাহাবাগণ। (সূরা আল বাকারা, আয়াত ১৩) সুতরাং তাদের ঈমান ও আমল অনুযায়ী আমাদের ঈমান ও আমল হওয়া উচিত। আল্লাহপাক আমাদেরকে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভালোবাসায় আমাদের অন্তরকে পূর্ণ করে দিন এবং জীবনের প্রত্যেকটা কাজ সুন্নাত অনুযায়ী করার তৌফিক দান করুন। আমীন!