ইসলাম বিদ্বেষী জবি শিক্ষার্থীর বিচার শুরু
ইসলাম ধর্ম নিয়ে নানা রকম কটুক্তি ও কুরুচিপূর্ন কথাবার্তার অভিযোগে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো আলোচিত মামলাটির। গতকাল বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন অব্যাহতির আবেদন খারিজ করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে মামলা থেকে তিথি সরকারের স্বামী শিপলু মল্লিককে অব্যাহতি দেন আদালত।
আসামি তিথি সরকার ও তার স্বামী শিপলু মল্লিক আদালতে উপস্থিত হন। এরপর তাদের আইনজীবী মামলার দায় হতে অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে তিথি সরকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।