ইরানি হুমকির কারণে উপসাগরেই থাকছে মার্কিন বিমানবাহী রণতরী
উপসাগরীয় অঞ্চল থেকে নিজেদের একটি বিমানবাহী রণতরী দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর পেন্টাগন জানিয়েছে, সাম্প্রতিক ইরানি হুমকির পরিপ্রেক্ষিতে ইউএসএস নিমিৎজ নামের এই রণতরী আগের অবস্থানেই থাকবে।
গত নভেম্বর থেকেই উপসাগরীয় অঞ্চলে এই বিমানবাহী রণতরী টহল দিয়ে আসছে। ৩১ ডিসেম্বর ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার সি মিলার যুদ্ধজাহাজটিকে প্রায় ১০ মাসের দায়িত্ব শেষে সরাসরি দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছিলেন।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষে যেকোনো প্রকার সংঘাত এড়াতে মার্কিন সামরিক বাহিনী তেহরানকে উত্তেজনা হ্রাসের সংকেত হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।
এদিকে রোববার ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী নতুন আদেশের বিষয়ে এক সংবাদ বিবৃতি জারি করেন।
বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য মার্কিন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানি নেতাদের সাম্প্রতিক হুমকির কারণে, আমি ইউএসএস নিমিৎজকে আদেশ করছি এর প্রক্রিয়াগত নতুন অবস্থানে যাত্রা স্থগিত করার।’