ইরানের তেল-ব্যাংকিং খাতে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত
ইরানের প্রধান পরমাণু আলোচক আব্বাস আরাকাচি বলেছেন, তেল, ব্যাংক ও অন্যান্য খাতসহ অধিকাংশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ভিয়েনায় এ পর্যন্ত যে আলোচনা হয়েছে, তার ওপর ভিত্তি করে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন।
ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স শনিবার (১ মে) এমন খবর দিয়েছে।
তবে ইরান ও যুক্তরাষ্ট্রকে পুরোপুরিভাবে পরমাণু চুক্তিতে ফিরিয়ে আনতে আলোচনাকে সামনে রেখে পরস্পর বিপরীত বিবরণ দিয়েছে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন। আগামী ছয়দিনের জন্য আলোচনা স্থগিত করা হয়েছে।
উপসাগরীয় দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকাচি বলেন, তেল, গ্যাস, মোটরগাড়ি শিল্প, অর্থনৈতিক, ব্যাংকিং, বন্দর খাতসহ ইরানের জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
কিন্তু কোন কলাকৌশলের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, সেই ব্যাখ্যা দেননি তিনি। এছাড়া তেহরান কীভাবে ওয়াশিংটনের দাবিগুলো পূরণ করবে এবং চুক্তিতে নিজেদের অঙ্গীকারে ফিরে যাবে, তা নিয়েও আরকাচি কোনো কথা বলেননি।