শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে গ্যাস চুক্তি থেকে বাদ পড়ল ভারত

অনলাইন নিউজ পোর্টাল • 19 জুলাই 2020, 12:14 দুপুর • 731 বার পঠিত
ইরানের সঙ্গে গ্যাস চুক্তি থেকে বাদ পড়ল ভারত

ভারতের সঙ্গে করা চুক্তি থেকে একের পর এক সরে আসছে ইরান। গত সপ্তাহে ইরানের চাবাহার বন্দরের রেলওয়ে সংযোগ পরিকল্পনা থেকে বাদ পড়ার পর, এবার দেশটির একটি বড় গ্যাসক্ষেত্র প্রকল্প হারাতে চলেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের ‘ফারজাদ- বি’ গ্যাসক্ষেত্রটি ইরান নিজেদের অর্থায়নেই উন্নয়ন করবে বলে জানিয়েছে। তবে ভারত পরবর্তী ধাপের উন্নয়নে অংশ নিতে পারে। বৃহৎ ওই গ্যাসক্ষেত্রটি খনন ও উন্নয়ন নিয়ে গত ১০ বছর থেকেই উচ্চাভিলাষী পরিকল্পনা করছিল নয়াদিল্লি।

২০১৬ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তেহরান সফরের সময় ইরানের চাবাহার সমুদ্রবন্দর থেকে আফগানিস্তান সীমান্ত লাগোয়া ইরানি শহর জাহেদান পর্যন্ত ৬২৮ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণের জন্য ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে যে ত্রিদেশীয় চুক্তি হয়েছিল তা থেকে এর আগে বাদ পড়ে ভারত। সমালোচকরা বলছেন, এটা ভারত মার্কিন ঘনিষ্ঠ আর ইরান চীনঘনিষ্ঠ হওয়ার ফল।

ইরান সরকার ওই সময় জানায়, নিজেদের অর্থেই শেষ করা হবে ওই প্রকল্প। একই সঙ্গে দেশটি বলেছে, প্রকল্প দেরি হওয়ায় এবং ভারত থেকে অর্থ পাওয়ার অনিশ্চয়তা দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই ঘটনার পর এক সপ্তাহ না পেরোতেই এবার ‘ফারজাদ- বি’ গ্যাসক্ষেত্র থেকে বাদ পড়ছে ভারত।