ইরানের প্রতি পাশ্চাত্যের জুলুমের প্রতিবাদ জানালো পুতিন
মধ্যপ্রাচের শিয়া অধ্যুষিত দেশ ইরানের প্রতি পশ্চিমা দেশগুলোর ‘অমানবিক’ আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, করোনা মহামারি এই সংকটকালে ইরানের যখন আন্তর্জাতিক সাহায্য দরকার তখন দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো আগ্রহ পাশ্চাত্য দেখাচ্ছে না।
শুক্রবার রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে অনুষ্ঠিত ‘ইস্টার্ন ইকোনোমিক ফোরামে’ দেয়া বক্তৃতায় পুতিন এ মন্তব্য করেন বলে রুশ বার্তা সংস্থা ‘তাস’ জানিয়েছে।
পুতিন বলেন, ইরান সংক্রান্ত আলোচনায় আমি রাজনৈতিক খুঁটিনাটি নিয়ে কথা বলতে চাই না। কিন্তু এই দেশটির যখন সাহায্য প্রয়োজন তখন তার ওপর থেকে কোনো একটি নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়নি।
রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা দেশগুলো সব সময় দাবি করে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মানবিকতাকে প্রাধান্য দেয়া উচিত। পাশ্চাত্যের সেই মানবিকতা এখন কোথায়?
রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, এমনকি ইরানের ওষুধ এবং করোনা ভাইরাসের টিকা আমদানি করার ওপরও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পাশ্চাত্য।