শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের জন্য জাতিসংঘে যাবেন পম্পেও

অনলাইন নিউজ পোর্টাল • 20 আগস্ট 2020, 08:54 রাত • 148 বার পঠিত
ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের জন্য জাতিসংঘে যাবেন পম্পেও

ইরানের ওপর স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞাগুলো কার্যকর করার প্রক্রিয়া শুরু করতে শিগরিরই জাতিসংঘে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গত শুক্রবার নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উত্থাপিত ইরানবিরোধী প্রস্তাব পাস না হওয়া সত্ত্বেও এ ঘোষণা দিলেন তিনি।

স্ন্যাপব্যাক অনুযায়ী, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইরান ছাড়া অন্য যেকোনো দেশ যদি মনে করে ইরান এটি মেনে চলছে না তবে ওই দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করলেই ইরানের ওপর জাতিসংঘের সবগুলো নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে। ভেটো ক্ষমতা প্রয়োগ করেও এটিকে আটকানো যাবে না। পরমাণু সমঝোতার মাধ্যমে ওই নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে।

বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি পম্পেওকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করার নির্দেশ দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো বহাল রাখতে চায়। তাই দেশটি এবার স্নাপব্যাক চালু করবে যা অস্বাভাবিক নয়।

এদিকে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, স্ন্যাপব্যাক একটি সম্পূর্ণ বৈধ প্রক্রিয়া। তবে যুক্তরাষ্ট্র কিভাবে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞাগুলোকে বাস্তবায়ন করার পরিকল্পনা করছে সে বিষয়ে সঠিক কোনো আইনী বিশ্লেষণ দেয়নি পম্পেও।