ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা
ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ আগামী অক্টোবর মাসে শেষ হতে চলেছে। তবে দেশটির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে জাতিসংঘের একটি খসড়া প্রস্তাব নিয়ে প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।
এরইমধ্যে ইরানের কাছে প্রচলিত অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞাকে দীর্ঘায়িত করার বিরোধিতা করেছে রাশিয়া। এদিকে নিষেধাজ্ঞার অবসান হলে অনেকগুলো বড় চুক্তি করার প্রত্যাশা করেছে রুশ সংস্থাগুলো।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফট জানান, ওয়াশিংটন রাশিয়ার পাশাপাশি পশ্চিমা মিত্র ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং এস্তোনিয়ার সঙ্গে ইরানের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে জাতিসংঘের খসড়া চুক্তি নিয়ে আলোচনা করেছে।
তিনি আরো জানান, খুব শিগগিরই আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। এ ব্যাপারে আমরা অত্যন্ত সাবধানে যথাযথভাবে কাজ করার চেষ্টা করছি বলেও জানান তিনি।