ইরানে মসজিদে ভয়াবহ বন্দুক হামলা, শিশুসহ ১৫ জন নিহত
ইরানে একটি মসজিদে ভয়াবহ হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন।
জানা যায় গত বুধবার দক্ষিণ ইরানের শিরাজ শহরে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদন অনুযায়ী, তিন হামলাকারীর মধ্যে দুজনকে আটক করা হয়েছে। একজন পলাতক। ঐ হামলা কারা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাকারী তিন ব্যক্তি ইরানের নাগরিক নন।
হামলার সময় ঘটনাস্থলে থাকলেও বেঁচে যাওয়া এক ব্যক্তি আল-জাজিরাকে বলেন, আমরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় বন্দুকের গুলি করার শব্দ শুনতে পাই। তখন গুলির শব্দ শুনে আমরা অন্য দিক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু এমন সময় দেখি আমার শরীর থেকে রক্ত ঝড়ে পড়ছে।
হামলার শিকার ও প্রত্যক্ষদর্শী ঐ ব্যক্তি আরো বলেন, কে বা কারা গুলি করছে আমি দেখতে পাচ্ছিলাম না। রাস্তা থেকেই গুলি করা শুরু হয়। এরপর অস্ত্রধারী ব্যক্তিরা মসজিদের দিকে এগিয়ে যেতে শুরু করেন। এ সময় তারা সামনে যাকে দেখছিলেন তাকে গুলি করছিলেন। তবে আমি হামলাকারীদের দেখতে পাইনি।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীদ রাইসি এ হামলার সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন।