ইরান ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনায় বসবে না
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষোদগার করেছেন ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন অপরাধী, তাকে প্রেসিডেন্ট বলার সুযোগ নেই। ইরান ট্রাম্পের সঙ্গে কোনো অবস্থায় আলোচনায় বসবে না।
যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে ইরানবিরোধী যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে তেহরানের ব্যাপকভিত্তিক জবাবের সম্মুখীন হবে বলেও সতর্ক করেন তিনি। তিনি আরো বলেন, ইরান নিজের ক্ষেপণাস্ত্রব্যবস্থা ও মধ্যপ্রাচ্য নীতি নিয়েও কখনও কারও সঙ্গে আলোচনা করবে না।
ইয়েমেন পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইয়েমেনে যে গোলযোগ তৈরি হয়েছে, তার একমাত্র কারণ দেশটিতে সৌদি আগ্রাসন। তিনি রিয়াদকে ইয়েমেন যুদ্ধে পরাজয় মেনে নেয়ার আহ্বান জানান। সৌদি আরব ভুল স্বীকার করে নিজের নীতিতে পরিবর্তন আনলে তেহরান রিয়াদের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে রাজি আছে।