শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান-রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছে তালেবান

অনলাইন নিউজ পোর্টাল • 25 সেপ্টেম্বর 2021, 09:53 সকাল • 313 বার পঠিত
ইরান-রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছে তালেবান

কাবুলে এক সংবাদ সম্মেলনে ইরান ও রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার কথা জানিয়েছে তালেবান। গত শুক্রবার তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ কথা বলেছেন। খবর নিক্কেই এশিয়ার।

তিনি আরো বলেছেন, ইরানের সঙ্গে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের কোনো মতবিরোধ নেই এবং তেহরানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় কাবুল।

জবিহউল্লাহ মুজাহিদ তালেবান মুখপাত্রের পাশাপাশি বর্তমান আফগান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রীরও দায়িত্ব পালন করছেন। তালেবানের নেতৃত্বাধীন সরকার রাশিয়ার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।

রাশিয়া জাতিসংঘের সঙ্গে মধ্যস্থতা করে তালেবান গোষ্ঠীর ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।
 
এদিকে মুজাহিদ বলেন, আমেরিকা আফগানিস্তানের মাটিতে আর কোনো হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।
তালেবান গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে। আর এর মাধ্যমে দেশটিতে আমেরিকার ২০ বছরের সামরিক উপস্থিতির চরম অপমানজনক অবসান ঘটে।