শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান ও ইরান-সংশ্লিষ্ট ৩৩টি ওয়েবসাইট বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল • 24 জুন 2021, 06:21 বিকাল • 750 বার পঠিত
ইরান ও ইরান-সংশ্লিষ্ট ৩৩টি ওয়েবসাইট বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে ইরান এবং ইরান-সংশ্লিষ্ট ৩৩টি সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং বাণিজ্য বিভাগ থেকে এসব ওয়েবসাইট বন্ধ করা হয় বলে জানা যায়।

যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাওয়া ওয়েবসাইটের মধ্যে আছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এবং ইয়েমেনের ইরান-সংশ্লিষ্ট হুথি বিদ্রোহী মালিকানাধীন আল-মাশিরাহ টেলিভিশন। থমকে যাওয়া পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে আলোচনা এবং উত্তেজনা শুরু হয়েছে, তখন ইরানি ওয়েবসাইট বন্ধের এই ঘোষণা এল।

মার্কিন বিচার বিভাগ বলছে, ইরানি ইসলামিক রেডিও টেলিভিশন ইউনিয়ন (আইআরটিভিইউ) পরিচালিত ৩৩টি ওয়েবসাইট এবং ইরান সমর্থিত ইরাকের কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠীর অন্য তিনটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট যুক্তরাষ্ট্র বন্ধ করেছে।

বিচার বিভাগ বলছে, আইআরটিভিইউর ব্যবহৃত ডোমেইনগুলোর মালিক যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রেজারি অফিস অব ফরেইন অ্যাসেটস কন্ট্রোলের কাছে থেকে এসব ডোমেইনের লাইসেন্স নেয়নি আইআরটিভিইউ। ইরাকের কাতাইব হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে যুক্তরাষ্ট্র; তারাও তিনটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটের লাইসেন্স নেয়নি।

মঙ্গলবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে এসব সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। ইরানের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভি ও এর আরবি সংস্করণ আল-আলম টিভির ওয়েবসাইটে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

আল-আলমের ওয়েবসাইটে বলা হয়েছে, বন্ধ করে দেওয়ার সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্রের সরকারের নির্দেশনা অনুযায়ী আলআলমটিভি ডট নেটের ডোমেইন জব্দ করা হয়েছে। আইনি পদক্ষেপ হিসেবে ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি, অফিস অব এক্সপোর্ট এনফোর্সমেন্ট এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এই সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও যুক্তরাজ্য থেকে পরিচালিত বাহরাইনের আরবি ভাষার লুয়ালুয়া টিভির ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি তাদের সংবাদমাধ্যম আলমাসিরাহ ডট নেটের ওয়েবসাইট বন্ধ হয়নি বলে নিশ্চিত করেছে। ইরান সমর্থিত বিদ্রোহী এই গোষ্ঠী ইয়েমেনের পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করে।

ইরানের যেসব সংবাদমাধ্যমের ওয়েবসাইট জব্দ করেছে যুক্তরাষ্ট্র, সেসবের বেশিরভাগই ডটকম, ডটনেট ও ডটটিভি ব্যবহার করতো। ওয়েবসাইটের এসব ঠিকানা জেনেরিক ডোমেইনের অন্তর্ভুক্ত; যা বিশেষ কোনও দেশের জন্য নির্ধারিত নয়। তবে ডটটিভি ডোমেইনের মালিক প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ টুভালু এবং যুক্তরাষ্ট্রের কোম্পানি ভেরিসাইন এটি পরিচালনা করে।

এদিকে, যুক্তরাষ্ট্র বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন ডোমেইনে অনলাইনে ফিরেছে ইরানের সংবাদমাধ্যমগুলোর বেশ কয়েকটি। ইরানের কট্টরপন্থী বিচারপতি ও কট্টর পশ্চিমাবিরোধী হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি গত শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ওয়েবসাইট বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে।