ইরান মাস্ক ব্যবহারে ক্যাম্পেইন চালু করেছে
ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে। ফলে দেশটির জনসাধারণদের মধ্যে মাস্ক ব্যবহারে অনিচ্ছুকদের সচেতন করার লক্ষ্যে ক্যাম্পেইন চালু করেছে ইরান। শনিবার দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ইরান। তবে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সেখানে সংক্রমণ কমতে শুরু করে। ফলে ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা শিথিল শুরু করে দেশটি। তবে গত কয়েক সপ্তাহ ধরে ফের করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ৪৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছ। একই সময়ে ১২৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার ‘# আই ওয়্যার মাস্ক’ ক্যাম্পেইনের উদ্বোধন করার সময় নাগরিকদের করোনা সংক্রমণকে গুরুত্বের সঙ্গে নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশে প্রতি ৩৩ সেকেন্ডে একজন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন এবং প্রতি ১৩ মিনিটে এতে একজন মারা যাচ্ছেন। আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং বন্ধুত্বপূর্ণভাবে তাদের নিজেদের ও অন্যদের জন্য স্বাস্থ্যনীতির প্রতি নজর রাখতে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।