ইমরান খানকে ‘বড় ভাই’ বলে হেনস্তার শিকার ভারতের সিধু
পাকিস্তান প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন ভারতের পাঞ্জাবের কংগ্রেস প্রধান তথা সাবেক ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু। রোববার করতারপুর করিডর দিয়ে পাঞ্জাবের দরবার সাহিব গুরুদ্বার দর্শনে গিয়েছিলেন সিধু। সেখানেই কিছু পাক কর্মকর্তার সামনে তিনি বলেন, ইমরান খান তার ‘বড় ভাই’-এর মতো।
গতকাল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওই গুরুদ্বার দর্শনে যান সিধু। বিজেপি নেতাদের ২১ জনের একটি প্রতিনিধি দলও ওই গুরুদ্বার দর্শনে যান। বিজেপি নেতাদের নেতৃত্বে ছিলেন পাঞ্জাবের বিজেপি সভাপতি অশ্বিনী শর্মা। পরে বিজেপি নেতা অমিত মালবীয় সিধুর একটি ভিডিও টুইট করেন। তাতে দেখা গিয়েছে, সিধুকে মালা দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন কিছু পাকিস্তানের কর্মকর্তা। তারা সিধুকে জানান, প্রধানমন্ত্রীর প্রতিনিধি হয়ে তারা এসেছেন। জবাবে সিধুকে বলতে শোনা যায়, ‘আমি সম্মানিত বোধ করছি। উনি (ইমরান) আমার বড় ভাইয়ের মতো। এত সম্মানের আমি সত্যিই যোগ্য নই। কিন্তু আপনাদের ধন্যবাদ।’ তবে একই সঙ্গে করতারপুর করিডর খোলার জন্য দু’দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন সিধু।