ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ৪৩ জন নিহত
ইকুয়েডরের একটি জেলে ব্যাপক সংঘর্ষে প্রাণ গেছে ৪৩ জনের। প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে এই সংঘর্ষ হয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সান্তো দোমিঙ্গো শহরের একটি কারাগারে সোমবার ভোর রাতে এই ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, যারা মারা গেছেন তাদের অধিকাংশ ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান আইন কর্মকর্তার দপ্তর জেলখানার এই দাঙ্গায় ৪৩ জনের মৃত্যুর খবর স্বীকার করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী পাত্রিসিও কারাইও জানিয়েছেন, দাঙ্গার পর পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ১১২ জনকে আবার আটক করা গেছে। ১০৮ জন এখনও পালিয়ে আছেন বলে জানান তিনি।
জেল কর্তৃপক্ষ জানায়, আদালতের নির্দেশে এক অপরাধী দলের প্রধানকে সান্তা দোমিঙ্গের বেইয়াভিস্তা কারাগারে পাঠানো হয়। এর পর দে লো সাচিলাস কারাগারে দাঙ্গা শুরু হয়। ওই অপরাধীকে সেখানে পাঠানোয় এই দাঙ্গার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বেইয়াভিস্তা কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ইকুয়েডরের কারাগারে দাঙ্গা ও প্রাণহানী নতুন কিছু নয়। প্রায়েই এমনটা ঘটে থাকে। বিভিন্ন অপরাধী দলের সদস্যরা এই দাঙ্গা করে থাকে। গত বছর ইকুয়েডরের বিভিন্ন কারাগারে ঘটা দাঙ্গায় ৩১৬ বন্দির মৃত্যু হয়।