ই-অরেঞ্জের পাচার করা টাকা ফেরত আনার নির্দেশ
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকদের পাচার হওয়া অর্থ ফেরত আনতে বলেছে হাইকোর্ট। ফেরত এনে তা ভুক্তভোগীদের মধ্যে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে গ্রাহকদের টাকা যারা পাচার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশাবলীর পাশাপাশি এই বিষয়ে কেন একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ৩ এপ্রিল ই-অরেঞ্জের প্রতারণার শিকার ৫৪৭ গ্রাহক হাইকোর্টে রিট দায়ের করেন। তারা ই-অরেঞ্জের কাছ থেকে ৭৭ কোটি ৪৬ লাখ টাকা ফিরে পাওয়ার নির্দেশনা চেয়ে এই আবেদন করেছিলেন। তারা টাকা আত্মসাতের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছিলেন।
এ রিটের পক্ষে আজ শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
প্রসঙ্গত, ২০০৭ সালে অনলাইন শপ ই-অরেঞ্জ যাত্রা শুরু করে। গেল বছরের মাঝামাঝি থেকে তাদের বিরুদ্ধে গ্রাহকদের ক্ষোভ জমতে থাকে। গ্রাহকরা অগ্রিম টাকা দিয়েও পণ্য না পাওয়ার অভিযোগ তোলেন।
পরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পণ্য ডেলিভারি না দেওয়া ও অগ্রিম নেওয়া টাকা ফেরত না দেওয়ার অভিযোগে ১১০০ কোটি টাকা আত্মসাতের একটি মামলা দায়ের করা হয়। ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান এখন কারাগারে আছ্নে।