হুথিদের বিরুদ্ধে হামলার অনুরোধ সৌদির, ট্রাম্পের না
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ অংশে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের আগ্রাসন বাড়ায় তাদের বিরুদ্ধে সরাসরি বিমান হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার অনুরোধ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।
আপাতত হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এক্সিওস।
দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্তে রয়েছে ওয়াশিংটন।
ইয়েমেনের কৌশলগত উপকূলীয় শহর মোখা দখল করে বাব এল-মানদেব প্রণালির দিকে হুথিদের অগ্রসর হওয়ার ঘটনায় বিশ্ববাজারে তেলের দাম এক লাফে বেড়েছে।
হরমুজ প্রণালিতে ইরানের তৎপরতার পর বাব এল-মানদেবে হুথিদের নিয়ন্ত্রণ তেহরানকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে নতুন শক্তি জোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।সরাসরি সামরিক সংঘাতে জড়ানো এড়াতে চাইলেও সৌদি আরবের সঙ্গে সমন্বয় বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।
পরিস্থিতি পর্যালোচনায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইতোমধ্যে সৌদি আরব সফর করেছেন।গত জুলাইয়ে ইরানি বিমানকে সানায় অবতরণে বাধা দেওয়ার পর সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত তীব্র হয়ে ওঠে। পরে হুথিরা সৌদি ট্যাংকার ও জ্বালানি কেন্দ্রে হামলা শুরু করলে রিয়াদ ও তার সহযোগীরাও পাল্টা হামলা ও স্থল অভিযান শুরু করে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান ও হরমুজ প্রণালির ওপর মনোযোগ ধরে রাখতেই অন্য কোনো নতুন ফ্রন্ট না খোলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তবে সরাসরি হামলা না চালালেও সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তুর ডেটা সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি প্রায় ২০০ মার্কিন সেনাসদস্য নন-কাইনেটিক সহায়তা দিচ্ছেন।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, লোহিত সাগরে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সক্ষম করে তোলাই ওয়াশিংটনের মূল লক্ষ্য।