হজের খরচ আরো ৫৯ হাজার টাকা বাড়ল
হজযাত্রা শুরুর দিন দশেক আগে বাড়ানো হলো হজে যাওয়ার খরচ। সরকারি ও বেসরকারি দুই ব্যবস্থাপনাতেই চলতি বছর হজের জন্য খরচ আরো ৫৯ হাজার টাকা বাড়ানো হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, সৌদি আরবের অংশে খরচ বেড়ে গেছে। তাই বাংলাদেশের হজযাত্রীদের এই বাড়তি টাকা দিতে হবে।
এই ৫৯ হাজার টাকা বেড়ে যাওয়ায় সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর খরচ
বেড়ে হয়ে গেল ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। আর প্যাকেজ-২ এ খরচ এখন দাঁড়াল ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা।
বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য একজনের খরচ ৪ লাখ ৬৬ হাজার ৭৫০
টাকা নির্ধারণ করা হয়েছিল। এর সঙ্গে কোরবানির জন্য ৪১০ সৌদি রিয়ালের সম পরিমাণ বা ১৯ হাজার ৬৮৩ টাকা আলাদাভাবে সঙ্গে নেওয়ার কথা বলা হয়েছিল। এখন এর সঙ্গে যোগ হচ্ছে আরো ৫৯ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক তার নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “আগের ঘোষণায় সৌদি আরব অংশের মূল্য অনুমান করে ধরা হয়েছিল। এখন সৌদি সরকার তাদের অংশ জানিয়েছে। এ কারণে হজের মূল্য সমন্বয় করতে হয়েছে।’’
গত ১১ মে জানানো হয়, সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা, আর প্যাকেজ-১ এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা লাগবে।
দুই বছর বাদে আবার হজের সুযোগ এসেছে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার আর বেসরকারি ব্যবস্থাপনার ৫৩ হাজার ৫৮৫ জন চলতি বছর হজে যেতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ হতে পারে। এবার বাংলাদেশের হজ ফ্লাইট ৩১ মে শুরুর কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানানো হয়।