শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হজে গিয়ে ভিক্ষা করতে নেমে বাংলাদেশি গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন • 27 জুন 2022, 03:22 দুপুর • 290 বার পঠিত
হজে গিয়ে ভিক্ষা করতে নেমে বাংলাদেশি গ্রেপ্তার

হজ করতে গিয়ে মদিনায় ভিক্ষায় নেমেছিলেন এক বাংলাদেশি। সৌদি আরবের সরকার তাকে গ্রেপ্তার করে। পরে বাংলাদেশ হজ মিশনের কর্মীরা থানায় মুচলেকা দিয়ে ওই ব্যক্তিকে ছাড়িয়ে আনেন।

এই ঘটনা গত ২২ জুনের। যার বিরুদ্ধে ভিক্ষা করার অভিযেগ তিনি মো. মতিয়ার রহমান। এই ব্যক্তির বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।

ধানসিঁড়ি ট্র্যাভেল এয়ার সার্ভিসের মাধ্যমে মতিয়ার সৌদি আরবে গেছেন হজ করতে। কিন্তু তার ঘটানো ঘটনার পর গত ২৫ জুন এই এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছেন। এজেন্সি এখনো জবাব দেয়নি। তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।  

ধর্ম মন্ত্রণালয় থেকে ধানসিঁড়ি ট্র্যাভেলকে পাঠানো নোটিসে বলা হয়েছে, ‘‘আপনার এজেন্সির একজন হজযাত্রী মো. মতিয়ার রহমান মদিনা শরীফে ভিক্ষা করতে গিয়ে সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং এ ঘটনা জানার পর বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন। উক্ত হাজী ব্যাগ ছিনতাই হওয়ার নাটক করে ভিক্ষাবৃত্তির কারণে গ্রেপ্তার হওয়ায় মদিনা তথা সৌদিতে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। এরূপ কার্যক্রমের কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা ব্যাহত হয়েছে এবং সরকারের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে, যা হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইনের পরিপন্থি।’’

তিন দিনের মধ্যে ধানসিঁড়ি এজেন্সিকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।