হেলথ ইমার্জেন্সি ঘোষণার অবস্থা এখনো তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতির অবনতি হলেও এখনো হেলথ ইমার্জেন্সি ঘোষণার অবস্থা তৈরি হয়নি। এ অবস্থায় ডেঙ্গু সংক্রমণ থেকে মুক্ত থাকতে হলে সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।
আজ শনিবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, গত কিছুদিন যাবৎ দেশে আবারো ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। ঢাকায় রোগীর সংখ্যা স্থিতিশীল থাকলেও ঢাকার বাইরে বাড়ছে রোগীর সংখ্যা। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সবার সহযোগিতা পেলে আমরা দ্রুতই এই সংকট কাটিয়ে উঠতে পারব।
তিনি আরো বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে মশার কামড় থেকে মুক্ত থাকার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসা বাড়ির ছাদ, আঙিনায় পানি যেন জমে না থাকে, সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।