শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হেলিকপ্টার দুর্ঘটনায় আহত লেফটেন্যান্ট কর্নেলের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 09 আগস্ট 2022, 06:09 বিকাল • 281 বার পঠিত
হেলিকপ্টার দুর্ঘটনায় আহত লেফটেন্যান্ট কর্নেলের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছিলেন সেনা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি মারা গেছেন।

আজ মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। র‌্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। 

লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল ছিলেন র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক। তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

গত ২৭ জুলাই দুপুর ১টার দিকে আর্মি এভিয়েশনের বেল-২০৬ হেলিকপ্টারটি ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি ধানক্ষেতে পড়ে।

তখন আইএসপিআর জানায়, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে হেলিকপ্টারটি ‘ইমার্জেন্সি ল্যান্ডিং প্রসিডিউর’ অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।

ওই হেলিকপ্টারে ইসমাইলের সঙ্গে ছিলেন মেজর শামস। দুজনকেই দুর্ঘটনার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। 

এরপর গত ৫ আগস্ট ইসমাইলকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।

র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘‘পরের দিন তার মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার করা হলেও শারীরিক অন্য জটিলতার কারণে তার অবস্থার অবনতি হয়। মঙ্গলবার ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।’’

লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ শোক প্রকাশ করেছেন।

শোক জানিয়ে বার্তা দিয়েছেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনও।