শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হারানো ৩৯টি মোবাইল উদ্ধার, ফিরিয়ে দিল পল্টন থানা

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 26 মে 2025, 07:59 সকাল • 470 বার পঠিত
হারানো ৩৯টি মোবাইল উদ্ধার, ফিরিয়ে দিল পল্টন থানা

ঢাকা মহানগরীর পল্টন মডেল থানা পুলিশ হারিয়ে যাওয়া ৩৯টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে। গতকাল শনিবার সকালে থানার সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ফোন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় পল্টন থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

থানা সূত্রে জানা গেছে, ১ মে থেকে ২৩ মে পর্যন্ত পল্টন থানা পুলিশ দেশের বিভিন্ন জায়গা থেকে এসব ফোন উদ্ধার করে। থানা পুলিশের এএসআই ইকবাল হোসেনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান চালানো হয়।

ফোন ফিরে পেয়ে অনেক মালিক আবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ বলছিলেন, “ভাবিনি ফোনটা ফিরে পাব,” কেউ আবার বলছিলেন, “এই ফোনে আমার পরিবারের অনেক স্মৃতি ছিল, এটা ফিরে পেয়ে মনে হচ্ছে হারানো কিছু ফিরে পেয়েছি।”

পল্টন থানার তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে এ থানার মাধ্যমে ২৩০টির বেশি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।