শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৮৪

মোহাম্মদ খাইরুল আমিন • 30 এপ্রিল 2026, 07:47 বিকাল • 144 বার পঠিত
হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৮৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৮৪ জন এ রোগে আক্রান্ত হয়েছে।

তবে এ সময়ে হামের লক্ষণ নিয়ে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়, সবশেষ দুজনের মৃত্যুর পর দেশজুড়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ জনের। এছাড়া হামের উপসর্গ নিয়ে ২২৭ জন মারা গেছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১০৬ জন ঢাকায় মারা গেছেন; আর ৭০ জন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জন হাম আক্রান্ত হয়েছেন। এ সময়ে ১ হাজার ১৫১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন; যাদের মধ্যে ৮৪৮ জন ভর্তি হয়েছেন।

এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৬৬ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে এবং সবচেয়ে কম ১১ জন ভর্তি হয়েছেন রংপুরে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩৭ হাজার ১৩১ জন। এদের মধ্যে ৫ হাজার ২৮ জনের হাম শনাক্ত হয়েছে।

এদিকে গত ২০ এপ্রিল থেকে সারাদেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকাদানের কর্মসূচি শুরু হয়েছে। এর মাধ্যমে দেশের ৮ বিভাগে এ পর্যন্ত ১ কোটি ২১ লাখ ৬২ হাজার ৯০৬ জন শিশু টিকা পেয়েছে।

এছাড়া ১২টি সিটি করপোরেশনে ১৪ লাখ ৯৫ হাজার ৮০৩ জন শিশু টিকা পেয়েছে।