শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

হালাল সনদ ব্যবহারে অনিয়ম সহ্য করা হবে না: জাকিম

মোহাম্মদ খাইরুল আমিন • 07 এপ্রিল 2026, 09:49 সকাল • 110 বার পঠিত
হালাল সনদ ব্যবহারে অনিয়ম সহ্য করা হবে না: জাকিম

মালয়েশিয়ার ইসলামী উন্নয়ন বিভাগ (জাকিম) সতর্ক করে বলেছে, হালাল সনদের শর্ত লঙ্ঘনকারী কোনো পক্ষকে ছাড় দেওয়া হবে না। বিশেষ করে নাজাসাতে মুগাল্লাজা তথা মারাত্মক অপবিত্রতার ব্যাপারে। সুতরাং শূকরের সংস্পর্শ বা দূষণের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হবে। 

মালয়েশিয়ান হালাল সার্টিফিকেশন (SPHM) কর্তৃক মেলাকার দুটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সনদ বাতিলের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাকিমের মহাপরিচালক দাতুক ড. সিরাজউদ্দিন সুহাইমি এসব কথা বলেন। তিনি জানান, অভিযুক্ত প্রতিষ্ঠান দুটিতে শূকরের পশমের তৈরি ব্রাশ পাওয়া যাওয়ায় মেলাকার ইসলামিক রিলিজিয়াস ডিপার্টমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে অবিলম্বে মালয়েশিয়ার হালাল লোগো ব্যবহার বন্ধ করতে, বাজার থেকে অভিযুক্ত সব পণ্য প্রত্যাহার করতে। পাশাপাশি তাদেরকে পূর্ণাঙ্গ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। যার মধ্যে শরিয়াহসম্মত প্রক্রিয়া এবং নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করার বিষয়টিও অন্তর্ভুক্ত।

ড. সিরাজউদ্দিন সুহাইমি বলেন, জাকিম রাজ্য পর্যায়ের ধর্মীয় কর্তৃপক্ষগুলোর ভূমিকার প্রতি পূর্ণ সম্মান জানায়, যারা হালাল সনদ তদারকি এবং হালাল সনদধারীদের শর্ত মেনে চলার বিষয়টি নিশ্চিত করার দায়িত্বে রয়েছে। হালাল সনদের শর্ত লঙ্ঘনকারী বা নির্ধারিত মান পূরণে ব্যর্থ কোনো পক্ষকে কোনো ধরনের সুবিধা বা ছাড় দেওয়া হবে না। যে কোনো ধরনের শর্তভঙ্গ, বিশেষ করে শূকর-সম্পর্কিত অপবিত্রতা জড়িত থাকলে, তা অত্যন্ত গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এটাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না; এর জন্য তাত্ক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

তিনি আরো বলেন, জাকিম সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করে নজরদারি এবং আইন প্রয়োগ আরো শক্তিশালী করতে কাজ চালিয়ে যাবে। যেন মালয়েশিয়ার হালাল সনদের মানদণ্ড বজায় রাখা, জনগণের হালাল খাদ্যে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং যে কোনো শর্তভঙ্গের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।