হাজিদের জন্যে হারামাইন হাই-স্পিড রেলওয়ে ব্যবস্থা
হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবের পরিবহন ব্যবস্থায় আবারও নজর কেড়েছে মদিনার হারামাইন হাই-স্পিড রেলওয়ে। অত্যাধুনিক প্রযুক্তি, দ্রুতগামী ট্রেন এবং সমন্বিত লজিস্টিক ব্যবস্থাপনার মাধ্যমে এই রেলওয়ে এখন লাখো তীর্থযাত্রীর যাত্রাকে করছে আরও নিরাপদ, দ্রুত ও স্বস্তিদায়ক। বিশেষ করে ১৪৪৭ হিজরির হজ মৌসুমে মক্কা ও মদিনার মধ্যে যাতায়াত সহজ করতে হারামাইন হাই-স্পিড রেলওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন পরিবহন ব্যবস্থার সঙ্গে সরাসরি সংযোগ থাকায় বিদেশ থেকে আগত হাজিরা বিমানবন্দর থেকে দ্রুতই পবিত্র নগরীগুলোতে পৌঁছাতে পারছেন। ফলে যানজট কমছে, সময় সাশ্রয় হচ্ছে এবং হজযাত্রীদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত হচ্ছে।
বর্তমানে মদিনার হারামাইন স্টেশনজুড়ে চলছে ব্যস্ততম কার্যক্রম। একদিকে যেমন বিপুল সংখ্যক হাজি মদিনায় পৌঁছাচ্ছেন, অন্যদিকে বিভিন্ন কাফেলা হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই বিশাল যাত্রীচাপ সামাল দিতে স্টেশনটিতে অবিরাম ট্রেনের আগমন ও প্রস্থান চলছে। সৌদি রেলওয়ের (এসএআর) আনুষ্ঠানিক মুখপাত্র খালিদ বিন ইউসুফ আল-ফারহান জানান, চলতি হজ মৌসুমে হারামাইন হাই-স্পিড রেলওয়ের আওতায় ৫,৩০০টিরও বেশি ট্রিপ পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে মক্কা ও মদিনার মধ্যে হজযাত্রীদের যাতায়াতের জন্য ২২ লাখ ১০ হাজারেরও বেশি আসনের ব্যবস্থা রাখা হয়েছে। এই রুটে জেদ্দা, কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিং আবদুল্লাহ ইকোনমিক সিটির গুরুত্বপূর্ণ স্টেশনগুলো অন্তর্ভুক্ত আছে।
তিনি আরও জানান, হারামাইন রেলওয়ের বহরে বর্তমানে ৩৫টি আধুনিক ট্রেন আছে, যার প্রতিটিতে সর্বোচ্চ ৪১৭ জন যাত্রী ভ্রমণ করতে পারেন। ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই ট্রেনগুলো বিশ্বের দ্রুততম ট্রেনগুলোর অন্যতম। এর ফলে মক্কা থেকে মদিনা পর্যন্ত দীর্ঘ পথ এখন মাত্র প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিটেই অতিক্রম করা সম্ভব হচ্ছে। ব্যস্ত সময়ে প্রতিদিন ১৪০টিরও বেশি ট্রিপ পরিচালিত হবে বলেও জানানো হয়েছে। বিশেষ করে মদিনা স্টেশনে প্রতি ২৫ থেকে ৩০ মিনিট অন্তর একটি ট্রেন আগমন বা প্রস্থান করবে, যা বিপুল সংখ্যক হজযাত্রীর যাতায়াতকে আরও সহজ ও সুশৃঙ্খল করে তুলবে।
বিশ্লেষকদের মতে, হারামাইন হাই-স্পিড রেলওয়ের এই সুসংগঠিত কার্যক্রম সৌদি আরবের আধুনিক পরিবহন ও লজিস্টিক ব্যবস্থার একটি উজ্জ্বল উদাহরণ। হজ মৌসুমে ক্রমবর্ধমান হজযাত্রীর চাপ মোকাবিলায় নিরাপদ, দ্রুত এবং কার্যকর পরিবহন নিশ্চিত করতে এই রেলওয়ে এখন এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।