হাজী সেলিমের দখল করা সম্পত্তি উদ্ধার
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের সোনারগাঁয়ের শিল্প নগরী মেঘনা ঘাটে অবৈধভাবে দখলের অভিযোগে মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কোম্পানির অভ্যন্তরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।
রোববার বিকেলে পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঘাটে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান করার জন্য মেঘনাঘাট এলাকায় চর রমজান সোনাউল্লাহ মৌজায় দিয়ারা ১ নম্বর খাস খতিয়ানভূক্ত ৭৪১০, ৭৪১২, ৭৪১৪, ৭৬২৮, ৭৬৩৫, ৭৬৩৬, ৭৬৪৪, ৭৬৪৫, ৭৬৫৩ ও ৭৬৫৭ দাগে ১ দশমিক ০৮৪৪ একর এবং ৯৬০১ দাগে ২ দশমিক ৩৩২০ একর ভূমি অবৈধভাবে বালু ফেলে দখল করে নিয়েছেন।
দখল করা সম্পত্তি স্থায়ী বন্দোবস্তের জন্য ২০১৮ সালের ৬ আগস্ট মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তার কোম্পানির প্যাডে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বরাবর আবেদন করেন। ওই আবেদনের পর জেলা প্রশাসকের কার্যালয় তাকে সম্পত্তি স্থায়ী বন্দোবস্ত দেননি।
পরবর্তীতে এ সম্পত্তিগুলো সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে তিনি দেয়াল নির্মাণ করে দখলে নিয়ে নেন। ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি সেলিমকে সরকারী সম্পত্তি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ করা হয়।
সম্প্রতি ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম নৌ বাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেফতারের পর থেকেই হাজি সেলিমের দখলের অভিযোগ প্রকাশ্যে আসে। এরপর থেকেই তার দখলে থাকা বিভিন্ন সরকারী ও মালিকানাধথীন বিভিন্ন সম্পত্তি উদ্ধার তৎপরতা জোরদার করা হয়।