শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

হাফ ভাড়ার দাবিতে বনানীতে শিক্ষার্থীদের আড়াই ঘণ্টা অবরোধ

মোহাম্মদ খাইরুল আমিন • 23 আগস্ট 2022, 04:13 দুপুর • 410 বার পঠিত
হাফ ভাড়ার দাবিতে বনানীতে শিক্ষার্থীদের আড়াই ঘণ্টা অবরোধ

অর্ধেক ভাড়ায় গুলশান-বনানীর চক্রাকার বাসে চলাচল করার দাবিতে আজ আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বনানী পোস্ট অফিসের সামনের সড়কে অবস্থান নেয়। এর ফলে বনানী থেকে গুলশান-২ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা আড়াইটার দিকে কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় বলে জানান বনানী থানার ওসি নূরে আযম ওসি। তিনি বলেন, বৃহস্পতিবার বৈঠক করে এ বিষয়ে সুরাহা করবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। 

শিক্ষার্থীরা অভিযোগ করে, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার বাসগুলোতে ছাত্র-ছাত্রীদের অর্ধেক ভাড়ায় চড়তে দেওয়া হচ্ছে না। 

শিক্ষার্থীরা জানায়, এই পথের দূরত্বে আড়াই কিলোমিটার। এই পথে ভাড়া নেওয়া হয় ৩০ টাকা। প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী এই পথে যাতায়াত করে।

এর আগে ২০২১ সালের ৩০ নভেম্বর ঢাকা মহানগরে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছিল ঢাকা পরিবহন মালিক সমিতি।

তারা তখন জানায়, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দিতে পারবে।

সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিসব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বা সরকারি ছুটির দিন অর্ধেক ভাড়া দেওয়া যাবে না।