শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গ্যাটকো মামলায় খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মার্চ

মোহাম্মদ খাইরুল আমিন • 15 ফেব্রুয়ারি 2024, 07:10 বিকাল • 189 বার পঠিত
গ্যাটকো মামলায় খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মার্চ

গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেড (গ্যাটকো) দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৬ মার্চ ধার্য করেছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকা-৩ বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে আংশিক শুনানি করেন তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার। এরপর  শুনানি মুলতবি রাখার জন্য সময়ের আবেদন করেন আইনজীবী। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৬ মার্চ দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। এতে আসামি করা হয় চার দলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে। 

মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা হয় । পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। 

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।