শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গভীর নিম্নচাপে পরিণত হল ঘূর্ণিঝড় ইয়াস

অনলাইন নিউজ পোর্টাল • 27 মে 2021, 11:48 দুপুর • 225 বার পঠিত
গভীর নিম্নচাপে পরিণত হল ঘূর্ণিঝড় ইয়াস

 গভীর নিম্নচাপে পরিণত হল ঘূর্ণিঝড় ইয়াস। এই মুহূর্তে উড়িষ্যার উত্তর উপকূল ছাড়িয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ডে অবস্থান করছে ইয়াস। এরপর সেটি ভারতের বিহার–উত্তরপ্রদেশের দিকে সরে যাবে। তার জেরে আজ  বৃহস্পতিবার কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দিনভর আকাশ মেঘলা থাকবে। ৩০–৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। বজায় থাকবে মাঝারি বৃষ্টির দাপটও।

 হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলোতে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। সঙ্গে থাকতে পারে ঝড়ো হাওয়া।
আরো বলা হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া–বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৫০–৭০ কিমি বেগে ঝড় বইতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়।

গত কাল বুধবার সকালে উড়িষ্যায় আছড়ে পড়ে ইয়াস। পার্শ্ববর্তী দিঘায় ৩০ ফুটের উপরে জলোচ্ছ্বাস হয়। ভেসে যায় গাড়ি। তছনছ হয়ে যায় সমুদ্র তীরবর্তী এলাকার একাধিক হোটেল। একই অবস্থা সন্দেশখালি, কুলতলির। সেখানে ভেঙেছে একের পর এক কাঁচাবাড়ি। আশ্রয় হারিয়েছেন অগণিত মানুষ।