`গুম হওয়ার যাতনা আমি বুঝি, আর কোনো মানুষ গুম হবে না`
দীর্ঘ সাড়ে ৯ বছরের নির্বাসন ও বিদেশের জেলখানায় কাটানো সময়ের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুম হওয়া মানুষ আর ফিরে না আসা স্বজনদের যে হাহাকার, তা আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, বাংলাদেশে আর কোনো মানুষ গুম হবে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাড়ে ৯ বছরের নির্বাসনের যাতনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। ইলিয়াস আলীর মতো গুম হওয়া নেতাদের পরিবারের সন্তানরা আজও পিতার জন্য অপেক্ষা করে।
তাদের সেই অশ্রুর মর্যাদা দিতে হবে। আমরা এমন এক রাষ্ট্র গড়ব, যেখানে আর কোনো মানুষ গুম হবে না, কারও অধিকার হরণ করা হবে না।
তিনি ২০২৬ সালের নতুন বন্দোবস্তের রাজনীতিকে বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক করার প্রত্যয় ব্যক্ত করেন।