গুলশানে বহুতল ভবনে আগুন, উদ্ধারকাজ চলছে
ঢাকা রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আবাসিক ভবন থেকে মালামাল সরিয়ে নিচ্ছে ভবনটির বাসিন্দারা।
জানা যায় প্রয়োজনীয় জিনিসপত্র প্রাইভেটকার, কাভার্ডভ্যানে ও ভ্যানে করে সরিয়ে নিচ্ছেন তারা।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ভবনটি থেকে প্রাইভেটকার ও ভ্যানে করে জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক গুলশানে আগুন লাগা ভবনের এক ফ্লাট মালিকের কর্মচারী বলেন, এখানে কিছু মালপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিতে এসেছি। মালপত্রগুলো আমার নয় আমার মালিকের। আর কিছু বলতে পারবো না। এখন ব্যস্ত আছি।
গত রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান ২-এর ১২ তলা ভবনে আগুন লাগে। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। এ ঘটনায় ভবন থেকে লাফিয়ে পড়ে আনোয়ার হোসেন (৩০) ও রাজু নামে দুজন নিহত হন। আহত হন আরও কয়েকজন। নিহত আনোয়ার ওই ভবনের ১২ তলায় বসবাসরত বিসিবির অন্যতম পরিচালক ফাহিম রহমানের কেয়ারটেকার ছিলেন, রাজু ছিলেন তার পরিবারের বাবুর্চি। এ ঘটনায় শিশু ও নারীসহ ২২ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে রাতেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়।