গুলিবর্ষণ করে সরকার আন্দোলন দমন করতে চায় : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পুলিশ দিয়ে নির্যাতন করে গুলিবর্ষণ করে তারা আন্দোলনকে দমন করতে চায়। তিনি বলেন, ভোলায় দলের নেতা-কর্মীদের রক্তের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ কখনও ফ্যাসিবাদি সরকার আওয়ামী সরকারকে ভয় করবে না।
আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় নিহত আবদুর রহিমের গায়েবানা জানাজা হয়। সেখানে মির্জা ফখরুল এসব কথা বলেন।
গতকাল রোববার ভোলা সদর উপজেলায় বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। এরপর মিছিল করে। মিছিলে পুলিশ গুলি চালায়। পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে গুলিতে আবদুর রহিম মারা যান। সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
মির্জা ফখরুল বলেন, ‘‘ভোলায় আমার ভাইয়ের রক্ত ঝরেছে। এটি ছিল একটি শান্তিপূর্ণ কর্মসূচি। সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলিবর্ষণ করেছে। আমরা আবদুর রহিমের রক্ত বৃথা যেতে দিতে পারি না। তাঁর এই আত্মত্যাগকে ধারণ করে সামনের দিকে এগিয়ে আরও বেগবান হয়ে এ সরকারকে পরাজিত করতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘একটা শান্তিপূর্ণ কর্মসূচি, শান্তিপূর্ণ সমাবেশে এই ফ্যাসিবাদি শেখ হাসিনা আওয়ামী সরকারের পুলিশ দিয়ে গুলিবর্ষণ করে তারা জানান দিয়েছে পুলিশ দিয়ে নির্যাতন করে গুলিবর্ষণ করে তারা আন্দোলনকে দমন করতে চায়। কিন্তু ভোলায় দলের নেতা-কর্মীদের রক্তের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ কখনও ফ্যাসিবাদি সরকার আওয়ামী সরকারকে ভয় করবে না।’’