গত পাঁচ বছরে ইরান সামরিক শক্তিতে উন্নতি করেছে
বিশ্বে সামরিক শক্তিতে বিশাল উন্নতি করেছে ইরান। গত পাঁচ বছরে ইরান সামরিক শক্তিতে ২৩ নম্বর থেকে ১৪ নম্বরে এসেছে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা দিবসে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি এ তথ্য জানিয়েছেন। দেশটির পেছনে আছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল (১৮) ও সৌদি আরব (২৫)। সূচকের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে রাশিয়া ও চীন।
ভার্চুয়াল ভাষণে রুহানি বলেন, ইরান সম্প্রতি প্রতিরক্ষায় বেশ সাফল্য অর্জন করেছে। ইরান একের পর এক প্রতিরক্ষা শিল্পে উন্নতি করছে। এছাড়া রাডার ও ড্রোনের উন্নতির কথা তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, ভূমধ্যসাগরীয় উপাসগরে ইরানি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে ইউএস আরকিউ-৪ ড্রোন ধ্বংস করেছিল।
ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে যোগ করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র গোপনভাবে তার সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। রুহানি আরো বলেন, ইরানের সামুদ্রিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরিসর মাত্র দুই বছরে ৩০০ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটারে পৌঁছেছে; ইরান এই ইস্যুতে স্বাবলম্বী।
প্রতিরক্ষা বিভাগের প্রসংশা করে ইরানি প্রেসিডেন্ট আরো বলেন, দেশের আকাশপথ আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। প্রতিবেশীদের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো দেশকে হামলা বা দখল করতে অথবা কোনো মানুষকে আঘাত দেয়া ইরানের কোনো ইচ্ছা নেই। ইরান এই ক্ষমতা তার বন্ধুদেরও রক্ষা করতে ব্যবহার করবে।