গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১৪ জন হাসপাতালে
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন।
তবে নতুন করে কোনো প্রাণহানি হয়নি। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা আট জনেই স্থির আছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।
গত শনিবার সকাল ৮টা থেকে রোববার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরো ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪ জন ঢাকায় এবং ১০ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।
এদিকে নতুনদের নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৫ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৫ জন। এছাড়া ঢাকার বাইরে ২০ জন চিকিৎসাধীন।