গত ২০ বছরে ৪৮ হাজার মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র
গত ২০ বছর যুক্তরাষ্ট্রের সরাসরি বিমান হামলায় ৪৮ হাজারের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ এয়ারওয়ারসের একটি তদন্তে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। ২০ বছর আগে ওয়াশিংটনের তথাকথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে’ কি পরিমাণ প্রাণহানি ঘটেছে তা এই তদন্তের মাধ্যমে ফুটে উঠলো। খবর মিডল ইস্ট আইয়ের।
আর প্রায় দুই সপ্তাহ পর ৯/১১ হামলার ২০ বছর পূর্তি হবে, তার ঠিক আগে আগে এমন প্রতিবেদন প্রকাশ করলো এয়ারওয়ারস। তারা বলছে, ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত মার্কিন বিমান হামলায় কমপক্ষে ২২ হাজার ৬৭৯ জন এবং সম্ভাব্য ৪৮ হাজার ৩০৮ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
স্থানীয় সূত্র এবং মার্কিন সেনাবাহিনী আনুষ্ঠানিক ডাটা ব্যবহার করে এয়ারওয়ারস জানিয়েছে, ৯/১১-র হামলা পরবর্তী ২০ বছরে সাতটি বড় সংঘাতপূর্ণ এলাকায় কমপক্ষে ৯১ হাজার ৩৪০টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান ও লিবিয়ায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী।