গর্জন বাগানে নারীর লাশ
খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। অনেক খোঁজাখুঁজির পর খুঁজে পাওয়া গেল গর্জন বাগানে। সেখানে নিথর পড়েছিলেন। থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিহত ওই নারীর নাম নুরুন্নাহার (৩৫)। তিনি মৃত আবুল কাশেমের স্ত্রী।
উপজলোর বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের ঘটনা এটি। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ জানান, রোববার রাত ৮টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করেন তারা।
নুরুন্নাহারের ভাই নুরুল মোস্তফার কাছ থেকে জানা গেছে, তার বোন ভোরে ঘুম থেকে উঠে ছেলেকে ভাত রান্না করে দেন। ছেলে এর পর সাগরে মাছ ধরতে যায়। নুরুন্নাহার যান কাজে। কিন্তু সন্ধ্যা হলেও তিনি আর ফেরেননি।
তার খোঁজ করতে করতে গর্জন বাগানের পাহাড়ি এলাকায় পাওয়া যায়। তবে সেটি নুরুন্নাহারের লাশ। তারা পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে।
পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ‘ওই নারীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। ফলে এটা স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে।’
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।